লাভানীর উপকথা
মারাঠা লোক সংস্কৃতির একটি অন্যতম দ্রষ্টব্য হলো লাভানী। আদতে একটি চটুল নৃত্য শৈলী ছিল, যা সময়ের সাথে সাথে বিভিন্ন রূপ ধারণ করেছে। তার একটি রূপ মনোজ্ঞ, দার্শনিক ভাবনায় মোড়া গানের কথা। তবে অতীতের আদি শৈলী টিও কোথাও কোথাও অপরিবর্তিত থেকে গেছে। যখন কর্মসূত্রে বহু বছর আগে মহারাষ্ট্র এর মুম্বাই শহরে থাকতাম, তখন এক বন্ধুবর দাদা এবং সহকর্মী পেয়েছিলাম। তার মারুতি ৮০০ করে কোনো কোনো ছুটির দিনে প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে গিয়ে কোনো এক গ্রামের গাওটি মুরগি আর বাকরি রুটি, জিজ্ঞা ভাজা খেতাম। মানে, দেশীয় মুরগি, চালের গুড়ি দিয়ে বানানো রুটি, ছোট চিংরি ভাজা। সামান্য সুধা, কখনো সখনো গলা ভিজিয়ে নেওয়ার জন্য। কিম্বা মালাওয়ালির গুহাচিত্র। এক আধবার তার সাথে এরকম সফরে কোথাও গিয়ে দেখি এলাকায় আঞ্চলিক মেলা চলছে। তাতে, লাভানি নাচের আসর বসেছে। সেই গ্রাম্য আসর গুলোতে আদিরসে ভরা গানের কথা, আর সরস নৃত্য, নিতান্তই আনন্দ দিত। গাছ পালা, নিচু পাথুরে পাহাড়ের মাঝে মাঠের ধারে সেই গান আর নাচ যেন সময়ের কাটা পেছনে ঘুরিয়ে নিয়ে চলে যেত বহু বহু বছর আগে। পেশোয়া সাম্রাজ্যের সময়কালে যখন মারাঠাদের প্...